বাংলাদেশের এভিয়েশন ও পর্যটন খাতে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এটিজেএফবি এভিয়েট্যুর উইমেন্স আইকন অ্যাওয়ার্ড-২০২৬ পেয়েছেন ১০ নারী।
শনিবার রাজধানীর অল কমিউনিটি ক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে তাদের হাতে সম্মাননা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।
এভিয়েশন অ্যান্ড ট্যুরিজম জার্নালিস্ট ফোরাম অব বাংলাদেশের (এটিজেএফবি) আয়োজিত এ অনুষ্ঠানে পাইলট, কেবিন ক্রু, সেলস অ্যান্ড মার্কেটিং, কাস্টমার সার্ভিস, এভিয়েশন উদ্যোক্তা, ইন্সট্রাক্টর, জনসংযোগ, ট্যুর গাইড, কালিনারি ট্যুরিজম ও হসপিটালিটি উদ্যোক্তাসহ ১০টি ক্যাটাগরিতে নারীদের সম্মাননা দেওয়া হয়।
প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, দেশের বিমান, পর্যটন ও আতিথেয়তা খাতে নারীদের অবদান ক্রমেই বাড়ছে। এই স্বীকৃতি ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে এবং খাতগুলোর উন্নয়নে নারীদের অংশগ্রহণ আরও শক্তিশালী করবে।
অনুষ্ঠানে এটিজেএফবির সভাপতি তানজিম আনোয়ার, সাধারণ সম্পাদক বাতেন বিপ্লবসহ বেসামরিক বিমান চলাচল, এয়ারলাইনস ও পর্যটন খাতের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সহযোগী স্পন্সর ছিল ইথিওপিয়ান এয়ারলাইনস।















